ট্রেন থেকে দেখা যায় খুদে খুদে জানালা
সংসার টুকরো টুকরো,
সন্ধ্যে বেলার একটা সময়
বার বার আসে
যখন আমি বাবু হয়ে বসে মহেঞ্জদরো সভ্যতার কথা পড়তাম,
এখন কি বসে আছে ওই জানালার কাছে
ছোট দুটো পা বাবু হয়ে
পড়ছে কোন নদীর গতিপথ
হিমবাহর গা দিয়ে ছুটে যাচ্ছে তার মন
আসলে কিছুই হারায়নি
আমি বার বার ফিরে ফিরে দেখেছি
কিছুই হারায়না
আমার ছোটবেলা বড় হয় অন্য কোথাও
মানুষের বিবর্তন পড়ে
সভ্যতার ইতিহাস পড়ে
পড়ে শহর গড়ে ওঠার কাহিনী
বাবু হয়ে বসে পড়ে ছোট দুটো পা
রোজ সন্ধ্যে বেলা
জানালার পাশে , জেনে ফেলে পৃথিবীর গল্প |
No comments:
Post a Comment